সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, কয়েকজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।কয়েকজন নিখোঁজ বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জের হবতপুরের এখলাছুর রহমান বলেন, ‘দোয়ারাবাজার খেয়া ঘাট থেকে মোটরসাইকেলসহ আমরা তিন বন্ধু নৌকায় উঠি। আজমপুর ঘাটের কাছাকাছি এলে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
‘এতে কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ হয়েছেন। আমার বন্ধু গোবিন্দপুরের শামছুল ইসলামকেও (৩৫) পাওয়া যাচ্ছে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে দোয়ারাবাজারের বাজার ঘাট থেকে একটি খেয়া নৌকা আজমপুর ঘাটের দিকে যাচ্ছিলো। মাঝনদীতে যাওয়ার পর ছাতক থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি বাল্কহেড খেয়া নৌকাকে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক ধাক্কায় নৌকার অনেক যাত্রী নদীতে পড়ে যান। পরে তাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তারা হলেন- আব্দুল জব্বার (৫৫), আকবর আলী (৬০), জাকির হোসেন (২৪), লায়েবা (২২) ও আজগর আলী (৩০)।
খেয়াঘাটে উপস্থিত নৈনগাঁও গ্রামের শামীম হোসেন জানান, অন্ধকার থাকায় ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে- পানিতে পড়ে যাওয়া কেউ কেউ নিখোঁজ রয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, খেয়া নৌকাকে ধাক্কা দেওয়া বাল্কহেডের ৫ জন মাঝিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া নৌকাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ কি না, থাকলে কত জন- ঘটনাটি রাতে ঘটার কারণে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ঘটনাস্থল থেকে জানান, রাত ৮টার দিকে ইঞ্জিনচালিত নৌকাটিতে বাল্কহেডের ধাক্কা লাগে। নদীতে পড়ে কতজন নিখোঁজ তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আমরা কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করছি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ কেউ আছে কি না অনুসন্ধান চালানো হচ্ছে। দুর্ঘটনায় আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed