Main Menu

‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র খুন

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মোবাইলে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ৯টায় ওই ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে

নিহত সিজান আকন (১৭) উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকার বিল্লাল আকনের ছেলে। সে নড়িয়া বিহারী লাল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, মাদবরবাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার খেলছিল সিজান আকন, লাবিব ছৈয়াল (২৫), তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়াল (২২)। এ সময় খেলা নিয়ে সিজান ও লাবিবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিজানকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে পুলিশ।

নড়িয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোতালেব ব্যাপারী দাবি করে বলেন, লাবিব ছৈয়াল, ইব্রাহিম জয়, রাহিম হাওলাদার, নাহিম ছৈয়ালসহ কয়েকজন মিলে সিজান আকনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Share





Related News

Comments are Closed