Main Menu

জাবিতে ছাত্র অধিকার পরিষদের সম্পাদকের উপর হামলা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা কার্যক্রম শেষে সন্ধ্যায় ফেরার পথে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব অতর্কিত হামলার শিকার হয়েছেন।

সোমবার (১ আগস্ট) রাত ৮টায় ডেইরী গেটের ওভারব্রিজের ওপর এই হামলার শিকার হন তিনি।

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আরিফুল ইসলাম আদীব। হামলাকারীরা ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ সংগঠনের সাথে জড়িত এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগপত্রে তিনি লেখেন, হামলার ১০ মিনিট পূর্বে ঘটনাস্থলে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ সংগঠন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ব্যানার টানানোর কাজ করছিলেন। পরবর্তীতে আমাকে দেখে তারা ফলো করে এবং ওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময়ে ওভারব্রিজের উপর পথরোধ করে শারীরিক আঘাত করে এবং পরবর্তীতে ক্যাম্পাসে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ-স-ম ফিরোজ উল হাসান বলেন, ‘অভিযোগকারী আমাকে ফোন দিয়েছিলেন, তার সাথে আমার কথা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে প্রচণ্ড ব্যাস্ত আছি বর্তমানে। ভর্তি পরীক্ষা শেষ হলে এ বিষয়ে যথাযথ ভাবে খোঁজ খবর নিয়ে তদন্ত করা হবে।’

ঘটনাস্থলে উপস্থিত প্রাণীবিদ্যা বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘সে আমার বিভাগের সিনিয়র তার সাথে আমার কালকে রাতে দেখা হয়েছিল ডেইরী গেটের ভেতরে, আমার সাথে আমার বন্ধু নাঈম ছিল আর আরেকটা কালো মত ছেলে ছিল পরে শুনলাম সে তাকে মারছে এখন তাকে তো আমি চিনি না। মারধরের সময় আমি ওখানে ছিলাম না আপনি তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন।’

‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ জাবি শাখার সভাপতি মাহবুবুর রহমান লেলিন বলেন, ‘আমাদের সংগঠনের অনেকেই অনেক বড় বড় সংগঠন করে, তাদের সব কর্মকাণ্ডের বিষয়ে আমরা তো আসলে জানি না। কোন সংগঠন যদি ক্যাম্পাসে দুষ্কৃতী করে থাকে আমরা তাদের প্রতিহত করি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি থাকবো সবসময়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ যদি কোন কাজ করে আমরা সেটা অবশ্যই প্রতিহত করবো সেটা যেই সংগঠনই হোক না কেন।’

Share





Related News

Comments are Closed