সিলেটে বাড়ি থেকে ৫ প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার, ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের ৫ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওসমানীনগরের তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসা থেকে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে পিতা ও পুত্র মারা যান। মা, মেয়ে ও আরেক ছেলে আইসিইউতে আছেন।
মৃত দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৬)। আর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ওই পাঁচজনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ছয় দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই বাসা ভাড়া নেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া তিনি জানান, বর্তমানে মারা যাওয়া দুইজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অসুস্থ ৩ জনের অবস্থা খুবই খারাপ। প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তীকে দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের অধীনেই অসুস্থদের চিকিৎসা চলছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে দুইজন মারা যান। বাকি তিনজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনাস্থলে রয়েছেন জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বেলা ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম উপস্থিত হয়েছে।
এই প্রবাসীরা যে বাসায় ভাড়া থাকতেন সেটির মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুনদোয় পাল ঝলক। তিনি বলেন, ‘দুপুরে আমি খবর পাই তারা ঘর বন্ধ করে আছেন। ডাকলেও সারা দিচ্ছেন না। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে।’
এই ফ্ল্যাটের অন্য কক্ষে প্রবাসীদের কয়েকজন আত্মীয় থাকেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তারা সুস্থ আছেন। এ ঘটনার ব্যাপারে তারা কিছুই বলতে পারেননি। তাদের কাছ থেকে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি।’
১৮ জুন দেশে এসে প্রবাসী পরিবারটি তার বাসা ভাড়া নেয় জানিয়ে ঝলক বলেন, ‘তাদের বাড়ি উপজেলার দয়ামীরে। কী কারণে এমন ঘটনা ঘটতে পারে তা কিছুই বুঝতেছি না।’
এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন রফিকুল ইসলামের শ্যালক সেবুল আহমদ। তিনি বলেন, ‘কালকেও আমি দুলাভাইয়ের বাসায় ছিলাম। আজ সকাল ১০টা পর্যন্ত তারা দরজা না খোলায় আমি পুলিশকে খবর দিই।
‘আমার ভাগনে মাইকুল প্রতিবন্ধী। ইংল্যান্ডে চিকিৎসায় সে সুস্থ হয়নি। তার চিকিৎসার জন্যই বোন ও দুলাভাই দেশে আসেন। কিছুদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে তারা ওসমানী নগরের এই বাসায় ওঠেন।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed