Main Menu

গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকার যাত্রী হায়ারুন বেগম (৪৫) মারা গেছেন। এ ঘটনায় তার স্বামী আনফর আলী বাদু (৬৫) এখনো নিখোঁজ রয়েছেন। তবে তাদের শিশুসন্তান রুহুল আমিনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাটগামী বালুবাহী বাল্কহেড খেয়া নৌকায় ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের শিশুসন্তান রুহুল আমিনকে নিয়ে চেঙ্গের খাল নদীর খেয়া পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বালুবাহি বাল্কহেড খেয়া নৌকায় ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিনযাত্রী নদীতে পরে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর হায়ারুন বেগমের মরদেহ ও তার সন্তান রুহুল আমিনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখন পর্যন্ত নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করতে পারে নি ফায়ার সার্ভিস। তবে তাকে উদ্ধার কার্যক্রম মঙ্গলবার ভোর পর্যন্ত স্থগিত করা হলেও ভোরেই তারা উদ্ধার অভিযান চালাবেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে এবং বালুবাহী বাল্কহেড জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ বৃদ্ধের সন্ধান মঙ্গলবার ভোর থেকে চালানো হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

 

Share





Related News

Comments are Closed