Main Menu

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলা, ছেলের পর মারা গেলেন মা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের লাবু গ্রামে বসতঘর অবরুদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এসময় ঘর থেকে বের হতেই জবাই করে আব্দুল কাদিরকে হত্যার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে মারা গেলেন তার আহত মা হাসিনা বেগমও।

লোমহর্ষক এ হামলায় মারাত্মক আহত অবস্থায় তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে গোয়ানইঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামে পূর্ব শত্রুতার জেরে গ্রামবাসী আব্দুল কাদির (২৭) নামে এক যুবককে জবাই করে হত্যা করে। নিহত কাদির ওই গ্রামের আব্দুল খালিকের ছেলে।

এ ঘটনায় কাদিরের মাসহ আরও অন্তত ৫/৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এসময় গ্রামবাসীর দেয়া আগুনে নিহত কাদিরের বসতবাড়ী পুড়ে গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয়স্বজনদের।

এনিয়ে ঘটনার আগে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল খালিকের বাড়ি আক্রমন করেন গ্রামের লোকজন। তাদের প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে একটি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত কাদিরের লাশ উদ্ধার করি।

এদিকে, গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক টিমের অভিযানে শনিবার আটক ৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed