Main Menu

অবশেষে সিলেটে বৃষ্টি ঝরেছে, জনমনে প্রশান্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রচন্ড তাপদাহ শেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। তাপমাত্রা কমতে শুরুর পাশাপাশি বৃষ্টিও ঝরেছে। শনিবার সকালে কিছু সময় হালকা বৃষ্টিপাত হলেও রাত সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

প্রচন্ড গরমে হাসফাঁস অবস্থায় গত প্রায় ১০ দিনে সিলেটের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। প্রায় প্রতিদিনই ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করলেও গত বৃহস্পতিবার ( ১৪ জুলাই) সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিন্ম তাপমাত্রাও ছিল ২৮ ডিগ্রির উপরে। প্রায় ৬৬ বছরের রেকর্ডভাঙা এই তাপে সিলেটের মানুষ ছিলেন যেনো উত্তপ্ত কড়াইয়ে। তবে এর পরদিন শুক্রবার তাপমাত্রা ২ ডিগ্রি নেমেছে। সেদিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তারই ধারাবাহিকতায় আজ শনিবারও তাপমাত্রা আরও কিছুটা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিন্ম ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এরমধ্যে আবহাওয়াবিদদের দেয়া আশ্বাস অনুযায়ী অল্প হলেও শুক্রবার রাতে সিলেটে বৃষ্টি ঝরেছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টি পড়েছে ১৫ দশমিক ৪ মিলিমিটার। শনিবার রাতে আবারও বৃষ্টি ঝরলো।

এদিকে রাত সোয়া ১০টার দিকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কয়েকটি স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এতেই অনেকে স্বস্তির বৃষ্টি বলে অবিহিত করছেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজেছেনও।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট মহানগরী এবং এর আশাপাশ এলাকাগুলোতে ১৭ বা ১৮ জুলাই থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এই বৃষ্টি দির্ঘায়িতও হতে পারে।

এমন খবরে স্বস্তির পাশাপাশি সচেতন মহলে কিছুটা অস্বস্তিও শুরু হয়েছে। কারণ, একমাস আগের রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার ধকল এখনো টানতে হচ্ছে সিলেটবাসীকে। এখনো কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন।

 

Share





Related News

Comments are Closed