Main Menu

হজের জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার হেঁটে সৌদি আরবে!

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য হেঁটে মক্কা যাওয়ার স্বপ্ন পূরণ করেছেন আদম মোহাম্মদ নামে একজন ব্রিটিশ হজযাত্রী।

মঙ্গলবার (৫ জুলাই) সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী ওই হজযাত্রী নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া এবং জর্ডান হয়ে সৌদি আরবে পৌঁছেছেন। এ জন্য ১১ মাস ২৬ দিনে প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি।

আরব নিউজ জানায়, আদম মোহাম্মদ দিনে গড়ে ১৭ দশমিক ৮ কিলোমিটার পথ হেঁটে গত ২৬ জুন মক্কার আয়েশা মসজিদে পৌঁছান।

এসময় অন্য হজযাত্রী, স্থানীয় অনেক বাসিন্দা এবং বিমানে করে যুক্তরাজ্য থেকে সৌদিতে আসা আদমের দুই মেয়ে তাকে পবিত্র নগরী মক্কায় স্বাগত জানান।

আদম মোহাম্মদ বলেন, ‘আমি আমার যাত্রা শেষ করতে পেরে খুব খুশি। সৌদি এবং অন্যান্য দেশের নাগরিকরা আমাকে স্বাগত জানিয়েছেন। তাদের উদারতা এবং ভালোবাসায় আমি অভিভূত। আমি হজ পালন করতে খুব আগ্রহী। কারণ হজ পালন আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি এই যাত্রাকে সম্ভব করার জন্য এবং হজ পালনে আমার সর্বকালের লক্ষ্য পূরণ করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাব। এটা আমার জন্য সহজ যাত্রা ছিল না। কিন্তু আল্লাহর জন্য এবং মানবতার খাতিরে আমাকে সবকিছু ত্যাগ করতে হয়েছে।’

আদম মোহাম্মদ বলেন, ‘করোনা মহামারির প্রেক্ষিতে যখন থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তখন থেকেই আমি পবিত্র কোরআন পাঠে ব্যস্ত ছিলাম। হঠাৎ একদিন ঘুম ভাঙার পর আমার ভেতরের কিছু একটা আমাকে বললো, আমার বাসা থেকে পায়ে হেঁটে মক্কায় যেতে। আমি সেই ডাক উপেক্ষা করতে পারিনি।’

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, একটি ব্রিটিশ সংস্থার সাহায্য এবং অন্যদের কাছ থেকে অনুদান নিয়ে কঠিন এই যাত্রার জন্য প্রস্তুত হতে দুই মাস সময় লেগেছিল আদম মোহাম্মদের। গত বছরের ১ আগস্ট যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি।

Share





Related News

Comments are Closed