Main Menu

সিলেটে চা বাগানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান থেকে মনিরুল ইসলাম (৪২) নামের এক ওয়ার্কশ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনিরুল ইসলাম নগরীর খাসদবির এলাকার একটি ওয়ার্কশপের মালিক এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার বড়শালার আহমদ হাউজিংয়ের নুরুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম একজন ব্যবসায়ী। নগরীর খাসদবির এলাকায় তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাত আনুমানিক ৯টায় দোকান লাগিয়ে নিজের ব্যাবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেলে চড়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথিমধ্যে মালিনীছড়া চা বাগান এলাকায় আসার পর তার উপর কে বা কারা হামলা করে। প্রাণে বাচার জন্য রাস্তা থেকে নেমে পূর্ব পাশে চা বাগানের দিকে দৌড় দেন মনির। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। রাস্তা থেকে ১০-১২ হাত দূরেই তাকে ধরে ফেলে ছুরিকাঘাতে খুন করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তার লাশ চা বাগানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাত ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হন এসএমপির উত্তর বিভাগের ডিসি আজবাহার আলী শেখ এবং এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির খান। খবর পেয়ে ছুটে আসেন মনির হোসেনের স্বজনেরা। সিআইডি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। তবে ঘটনাস্থলে ছিলো না মনিরের ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন। কিন্তু তার পকেটে টাকা ছিলো। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরেই হতে পারে এই খুন।

এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, নিহতের শরীরের ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মনিরুলকে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি। ময়নাতদন্ত শেষে আজ রোববার তার মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed