Main Menu

মহিষ আটকের ঘটনায় জৈন্তাপুরে এক ঘন্টা সড়ক অবরোধ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কতৃর্ক ভারত থেকে অবৈধ পথে আসা মহিষ বহনকারী গাড়ি আটককে কেন্দ্র করে সিলেট-তামাবিল মহাসড়কে অবরোধ করা হয়।

বুধবার (১ জুন) সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত সড়কে সৃষ্ট অবরোধের কারণে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

একটি সূত্র জানিয়েছে, ভারতীয় মহিষ বহনকারী গাড়ি আটকের পর কয়েকজন চোরাকারবারীদের সহায়তায় স্থানীয় পরিবহন শ্রমিকরা রাস্তায় অবরোধ কর্মসুচি পালন করেন। তবে পরিবহন শ্রমিকদের দাবী বিজিবি ভারতীয় মহিষ আটক করতে গিয়ে ট্রাক চালকদের উপর লাঠিচার্জ করেছে।

এই ঘটনার প্রতিবাদ জানাতে শ্রমিকরা রাস্তা অবরোধের সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ও সিনিয়র পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ বিজিবি-পরিবহন শ্রমিকনেতারা ঘটনার বিস্তারিত আলোচনা করে বিষয়টি শেষ করেন।

অবরোধ চলাকালে অন্তত এক ঘন্টা ব্যাপী সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় রাস্তার উভয় পাশে শতাধিক ছোট বড় গাড়ি আটকা পড়লে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তী সময়ে আটক মহিষ ক্রয়ের কাগজ দেখালে বিজিবি গাড়ি ও মহিষ ছেড়ে দেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মারধরের বিষয়টি আমরা নিশ্চিত নই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এ বিষয়ে বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের কামান্ডার আব্দুর রহিম সংবাদ মাধ্যমকে জানান, সারিঘাট বাজারে গাড়িতে মহিষ দেখে বিজিবি সদস্যরা সিগন্যাল দিতেই গাড়িটি পালাতে চায় এবং আরেকটি গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এ সময় মহিষ কোথা থেকে নিয়ে আসা হচ্ছে জিজ্ঞেস করলে চালক মহিষগুলো ‘ভারতীয়’ বলে জানায়। আমরা এসময় মহিষ গাড়ি থেকে নামাতে বললে স্থানীয় কিছু জনতা ও পরিবহন শ্রমিকরা বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। পরে মহিষ ক্রয়ের একটি রশিদ নিয়ে আসলে পুলিশ তা দেখে মহিষ ছেড়ে দেয়।

Share





Related News

Comments are Closed