Main Menu

জৈন্তাপুরে নৌকা ডুবিতে পাথর শ্রমিক নিখোঁজ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটর জৈন্তাপুরে নৌকা ডুবে এক পাথর শ্রমিক নিখোঁজ হয়েছে। তবে শিশু সহ পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করা হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

শুত্রুবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামের পাথর শ্রমিক আলমগীর হোসেন দুই শিশু ছেলে ও এক ভাতিজাকে একটি ছোট নৌকায় করে পার্শ্ববর্তী বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বড়গাং নদীর বুদাইর ভাঙা নামক স্থানে প্রবল শ্রোতে নৌকাটি ডুবে যায়।

এসময় তাদের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায় এবং শিশুগুলোকে উদ্ধার করা সম্ভব হলেও দ্রুতগতির পানির শ্রোতে আলমগীর হোসেন (৩২) তলিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এবং উপজেলা প্রশাসনের তত্বাবধনে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল দিনভর উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি করেও আলমগীর হোসেনের কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে বিকেলে নৌকা যোগে ঘটনাস্থলে পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

এসময় তারা নিখোঁজ আলমগীরের বাড়ীতে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছেন সিলেট নগরীর তালতলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম।

এদিকে, গত তিন দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি। পানির নিচে তলিয়ে গেছে বিস্তির্ণ ফসলি জমি। উপজেলা সদরের সাথে বিভিন্ন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বেশির ভাগ রাস্তা পানির নিচে থাকায় বিভিন্ন গ্রাম সহ উপজেলার সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

 

Share





Related News

Comments are Closed