Main Menu

সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত আদায় করলেন লক্ষাধিক মুসল্লি

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ৩০০ বছরের পূরনো সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্টিত হয়েছে। এতে নামাজ আদায় করলেন লক্ষাধিক মুসল্লি। সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ ঈদের জামাতে ইমামতি করেন বরুণার পীর মাওলানা রশীদুর রহমান ফারুক।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং শাহী ঈদগাহের মোতাওয়াল্লী নামাজের পূর্বে আগত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান।

কোভিডের কারণে দুই বছর পর আজ শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ কারণে ঈদের জামাতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। ঈদগাহের মূল মাঠ ছাড়িয়ে আশ-পাশের রাস্তা-গুলোতেও মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন।

জামাতশেষে বরুণার পীর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করেন। মোনাজাতে সদ্য প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতেরও রুহের মাগফেরাত কামনা করা হয়।

এদিকে, শাহী ঈদগাহে ঈদের জামাত আদায় করতে সোমবার সকাল ৭টা থেকেই মুসল্লীরা ঈদগাহে জমায়েত হতে থাকেন। সকাল সাড়ে ৮টার মধ্যে পুরো শাহী ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এছাড়াও সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয় সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি ককরেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হয়।

হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় জামাত। এছাড়া নগরীর রিকাবিাজারস্থ পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
টিলাগড় মাদানী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নগরীর রেজিস্টারি মাঠ, সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ, মদিনা মার্কেট জামে মসজিদসহ নগরের ৪৪৪টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন সেজন্য আজ সকাল সাড়ে ছয়টা থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখে পুলিশ প্রশাসন।

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, গত দুই বছর করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। ফলে খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে।

Share





Related News

Comments are Closed