Main Menu

জাবির মাহাতাব হলেন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক

জাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মাহাতাব নির্ঝর।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মাহাতাব নির্ঝর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি ঢাকার দোহার উপজেলার কার্তিকপুরে।

তাঁর বাবা ফিরোজ মিঞাঁ সুপ্রিমকোর্টের এডভোকেট এবং মা আলতাফুন্নেছা দোহারের মালিকান্দা মেঘুলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

মাহাতাব নির্ঝর এর আগে দোহার উপজেলা ছাত্রলীগের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবেও কাজ করে চলেছেন।

কমিটি ঘোষণার পর মাহাতাব নির্ঝর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যেতে চাই আজীবন।’

এ সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed