Main Menu

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তি দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫ হাজার ৫’শ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিও ভুক্তির দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সিলেট বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক মাসুদ করিম এর নেতৃত্বে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মো. আনিছুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সারাদেশের ৫ হাজার ৫’শ জন অনার্স মাস্টার্স শিক্ষক জনবলে অন্তর্ভুক্ত না থাকার অজুহাতে দীর্ঘ ২৮ বছর থেকে সরকারি সুযোগ সুবিধার (এমপিও) বাইরে রয়েছি। এমপিওভুক্ত করতে প্রতিমাসে ১২ কোটি বছরে ১৪৪ কোটি টাকার বাজেটে ব্যয়বরাদ্দ হলেই আমাদের স্বপ্নপূরণ হয়; জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা যায়। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষাবান্ধব সরকারের মাধ্যমে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে এমপিওভুক্তি চাই, বেঁচে থাকার সুযোগ চাই। স্মারকলিপিতে অবিলম্বে দ্রুত এমপিওভুক্তি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি প্রভাষক মো. রিপন মিয়া, প্রভাষক মো. শাহীন আলম, কার্যকরি সদস্য প্রভাষক সুলাইমান হোসাইন খান, সুনামগঞ্জ জেলা সভাপতি প্রভাষক আব্দুল ওয়াহিদ, কার্যকরী সদস্য প্রভাষক আলমগীর হোসেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed