Main Menu

ঢাকায় ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ (১৮) নামে এক যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর কর্তব্যরত ডা. তৌফিক এলাহী।

নাহিদের বাবা নাদিম হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর দেওয়ানবাড়ী এলাকায়। এলিফ্যান্ট রোডের বাটা সিগনালে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করত নাহিদ। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে কাজে যায় সে। এরপর দুপুর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বিকেলে ফেসবুকের মাধ্যমে তার আহত হওয়ার ছবি দেখতে পান তারা। এরপরে তাকে হাসপাতালের বিছানায় খুঁজে পাওয়া যায়।

তিনি আরও জানান, নাহিদ ৬ মাস আগে বিয়ে করেছে। তার স্ত্রীর নাম ডালিয়া। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিল সে। দুপুরে সংঘর্ষের এ ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও এক যুবক লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছে। তার অবস্থাও আশঙ্কাজনক বরে জানা গেছে। নিউ সুপার মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী সে। সংঘর্ষের সময় তার মাথায় গুরুতর আঘাত পায়। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোরসালিনসহ ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কানন চৌধুরী (২৩) ও দোকান কর্মচারী ইয়াসিন (১৭)। তাদেরও মাথায় আঘাত লাগে। তাদের অবস্থাও গুরুতর।

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed