Main Menu

জৈন্তায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ভাসুর আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অগ্নিকান্ডে এক গৃহবধুর ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় স্বামী ও ভাসুরকে আটক করেছে পুলিশ। উপজেলার কেন্দ্রীমওজা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের ফখরুল মিয়ার ছেলে সাব্বির আহমদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির আহমদের স্ত্রী গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে জাহানারা আক্তার (২২) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় জাহানারাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। এদিন রাতে ঢাকা নেওয়ার পথে জাহানারার মৃত্যু হয়।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জাহানারার স্বামী সাব্বির আহমদ ও ভাসুর জুবায়ের আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

সূত্রে জানা গেছে, সাব্বির চোরাকারবারের ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক হয়ে ভারতে ২ বছর কারাভোগ করে সম্প্রতি দেশে ফিরেছে। এ অবস্থায় আর্থিক অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। কিছুদিন হতে সাংসারিক কলহও চলছে।

নিহত জাহানারা বেগমের পিতা জাহের মিয়া অভিযোগ করেন, টাকার জন্য তার মেয়েকে চাপ দিতো সাব্বির। টাকা এনে দিতে রাজি না হলে তার উপর মিথ্যা অপবাদ দিতে থাকে এবং পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়ে আসছে। তার প্রেক্ষিতে সাব্বির পরিকল্পিতভাবে তার মেয়েকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, একটি ঘরে আগুন লাগলো অথচ আমার মেয়ে ছাড়া আর কারও কোনো ক্ষতি হলো না! তিনি ‘মেয়ে হত্যা’র সুষ্ঠু বিচারের দাবি জানান।

এদিকে, ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানাপুলিশ ঘটনাস্থল থেকে রবিবার রাতেই স্বামী ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এছাড়া সিআইডি’র বিশেষ টিম রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, তাৎক্ষণিকভাবে স্বামী ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সিআইডি বিষয়টি তদন্ত করছে।

Share





Related News

Comments are Closed