Main Menu

সিলেটে বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ে মোটরসাইকেল রাইডার আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কাভার্ড ভ্যানের সাথে বিদ্যুতের তার আটকে গিয়ে খুঁটি উপড়ে পড়ার ঘটনায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার মধ্যরাতে সৃষ্ট এ দুর্ঘটনায় এক মোটরসাইকেল রাইডার গুরুতর আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে মোটরসাইকেলটি। আহত অবস্থায় রাইডারকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তির নাম জানাতে পারেনি। তবে তিনি নগরীর বালুচর এলাকার বাসিন্দা বলে অনেকে জানিয়েছেন। তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে- সিলেট মেট্রো-হ ১১-৩৩৪৩।

প্রত্যক্ষদর্শী সুমন আহমদ জানান, একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- চ- ২০-০৫৫৯) বন্দরবাজার কোর্ট পয়েন্ট হয়ে সুবহানীঘাটের দিকে যাচ্ছিলো। এ সময় ভ্যানের বক্সে বিদ্যুতের তার আটকে যায়। এক পর্যায়ে কাভার্ড ভ্যানটি সামনের দিকে এগুতে থাকলে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এ সময় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল (সিলেট মেট্রো- হ-১১-৩৩৪৩) রাইডারের উপরে পড়ে যায়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় উপস্থিত লোকজন দ্রুত রাইডারকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। তবে রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটির নিচে ছিলো। এসময় বিদ্যুতের তার মাটিতে পড়ে যাওয়ায় যান ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত করে রাখে পুলিশ। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন ডাকা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নতুন করে পুঁতে রাখা ওই খুঁটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিলো। সে লাইনে একটি ট্রাকের উপরের অংশ লেগে ওই খুঁটিতে টান পড়ে এবং খুঁটিটি উপড়ে মোটরসাইকেল আরোহীর উপর এসে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ- ওই বিদ্যুতের খুঁটিটি মাত্র আধ হাত পুঁতে রাখা হয়েছিলো। যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের ত্রুটিপূর্ণ কাজকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তাদের আরও অভিযোগ- জিন্দাবাজার থেকে বন্দরবাজারের দিকে আসা রাস্তার ডিভাইডারে বসানো প্রত্যেকটি বৈদ্যুটিক খুঁটিই এভাবে অল্প করে পুঁতে রাখা হয়েছে। এ ঘটনার মতো আরও দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় রাইডার আব্দুল্লাহ জানান, আহত ব্যক্তিকে তাদের সাথে রাইড শেয়ার করতে দেখেন। তবে তার নাম জানা নেই। তিনি জানান, অনেকেই বলেছেন আহত ব্যক্তির বাসা বালুচরে। তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে। আহত ব্যক্তিকে ওসমানীতে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১২টায় মোটরাইকেলটি উদ্ধার ও কাভার্ড ভ্যানটি সরিয়ে নেয়া হয়।

Share





Related News

Comments are Closed