Main Menu

সিলেটে আসছেন ব্রিটিশ প্রভাবশালী রাজনীতিবিদ রুশনারা আলী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আসছেন ৫ দিনের সফরে দেশে আসা বাংলাদেশি বংশোদ্ভূত বৃৃটেনের প্রভাবশালী রাজনীতিক রুশনারা আলী। সোমবার (২৮ মার্চ) বিকালে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় করেন।

সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকার এবং দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী ৫০ বছরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনগুলো অবাধ এবং সুষ্ঠু হওয়া জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এটা অপরিহার্য। তবে এখানকার নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা একান্তই বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। বন্ধু হিসেবে তারা পরামর্শ দিতে পারেন জানিয়ে রুশনারা বলেন, আমরা উদ্বেগজনক ইস্যুগুলো কখনো এড়িয়ে যাই না। সমালোচক বন্ধু হিসেবে আমরা সরকারের কাছে নিয়মিতভাবে উদ্বেগগুলো উত্থাপন করি।

তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের সঙ্গে বৃটেনের এফটিএ সই করার কোনো চিন্তা আছে কিনা? জবাবে তিনি বলেন, আপাতত হয়তো তা হবে না, তবে ব্যবসা-বাণিজ্য বাড়লে তা হতে পারে।

বাংলাদেশে বৃটিশ ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলার বিষয়টিও আটকে আছে জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি এ নিয়ে আলোচনা করবো। আশা করি তারও সমাধান পাবো। ঢাকা-লন্ডন রুটে বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা আছে কিনা? জানতে চাইলে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন প্রশ্নটির জবাব দেন। বলেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয় নয়। প্রাইভেট কোম্পানি বৃটিশ এয়ার নিশ্চয়ই ঢাকা রুটে তাদের ফ্লাইট কতটা অর্থনৈতিকভাবে লাভজনক এবং স্থিতিশীল হবে তা নিয়ে ভাববে। সম্ভাবনাময় রুট হলে নিশ্চয়ই তারা ফ্লাইট রিজিউম করবে।

রুশনারা আলী মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে। সেখান থেকে ফিরে যাবেন পৈতৃক নিবাস সিলেটে। বিশ্বনাথসহ ওই অঞ্চলে থাকা স্বজন-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ক’ঘণ্টা কাটিয়ে রোমাঞ্চকর সব স্মৃতি নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।

Share





Related News

Comments are Closed