Main Menu

রমজানে প্রাথমিকের ক্লাস সাড়ে ৯টা থেকে ৩টা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে এবারের রোজায় ৪ নির্দেশনায় ২০ রমজান পর্যন্ত খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজানে প্রাথমিকে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়। যা চলবে বেলা তিনটা পর্যন্ত। এরমধ্যে ৩০ মিনিট নামাজ পড়ার বিরতি পাবেন শিক্ষকরা।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময়সূচি নির্ধারণ করবেন। সে অনুযায়ী ক্লাস চলবে।

প্রধান শিক্ষকদের প্রস্তুত করা রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে জানাতে হবে।

এর আগে, গত ২২ মার্চ ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখার পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে।

এর আগে গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক অনুষ্ঠানে ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed