Main Menu

বিশ্বে করোনায় আরো ১১৩০৫ মৃত্যু, শনাক্ত পৌনে ২১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। কয়েকদিন ধরেই বিশ্বে ভাইরাসটির সংক্রমণ ঊর্ধ্বমুখী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু আরও বেড়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৩০৫ জনের।

এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৯ লাখ ৩৮৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ৫৬ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৩৪৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৬৮ হাজার ৪৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ২০১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ২৪১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৬০৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৫৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১০ হাজার ৪৪১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ২১০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪০ হাজার ৮৬৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ২৯০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৮৫৫ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৭০৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৩৮ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed