আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষা শুরুর আহ্বান শাবি শিক্ষার্থীদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।
তবে শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রেস ব্রিফিং করে আন্দোলন আপাতত স্থগিত ও ক্লাস-পরিক্ষা শুরুর আহ্বান জানিয়েছে তারা।
আন্দোলনের মুখপাত্র মোহাইমিনুল ইসলাম রাজ বলেন, আপনারা সবাই অবগত আছেন গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের আমাদের আমন্ত্রণে শাবিপ্রবিতে এসেছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের দাবী নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সকল দাবী আন্তরিকতার সহিত শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা মাননীয় মন্ত্রীদ্বয়’কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের ৬টি দাবী এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ, মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে বলেছেন ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি মাননীয় আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহনে আমাদের কথা বিবেচনায় রাখবেন।
শিক্ষার্থীদের উপর মামলার বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের উপর যে দুইটি মামলা হয়েছে সেটা অতিদ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মোবাইল সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলেন কয়েক দিনের মধ্যে সকল নাম্বার ও মোবাইল ব্যাংকিং সচল করা হবে। পুলিশের স্প্লিন্টারে আহত সজল কুন্ডু’সহ অনশনকারী সকল শিক্ষার্থীর সুচিকিৎসা চলমান আছে এবং থাকবে। এছাড়া মাননীয় মন্ত্রী সজল কুন্ডু’র শারীরিক অবস্থা বিবেচনায় তার চাকরীর ব্যবস্থা করার আশ্বাস দেন।
মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবী মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্নআস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবী পূরনের অপেক্ষায় থাকলাম। আমরা আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস-পরিক্ষা শুরু করার আহ্ববান জানাচ্ছি। যারা আমাদের জন্য হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ দিতে চাই এবং গণমাধ্যমের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই পুরোটা সময় জুড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য’।
শাবি শিক্ষার্থীদের আন্দোলনের শুরু ১৩ জানুয়ারি। সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী।
১৬ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধে করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে। একপর্যায়ে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। ২৬ জানুয়ারি অধ্যাপক জাফর ইকবালের আশ্বাসে তারা এক সপ্তাহের অনশন ভাঙেন।
এরপর ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সরিয়ে দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়, অসুস্থতার কারণে তাকে অপসারণ করা হয়েছে।
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে প্রক্টরের পদ থেকে ১০ ফেব্রুয়ারি আলমগীর কবীরকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে গত ১৬ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় সেদিন অন্তত ৪০ শিক্ষার্থীসহ পুলিশ ও শিক্ষকও আহত হন। এ ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিন ২৭ দিন পর আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেন। শনিবার এক বিবৃতির মাধ্যমে উপাচার্য দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে উপাচার্য বলেন, ‘আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।
‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি। ওই ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সব স্তরের দায়িত্বশীল ব্যক্তি, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সিলেটের সুশীল সমাজের সবাইকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
‘বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে মিডিয়া কর্মীরা যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ।’
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed