Main Menu

দেশে করোনায় আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে।

একই সময়ে নতুন করে আরও ১৩ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৫ হাজার ৯৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১, খুলনায় ১, সিলেটে ২ এবং রংপুরে ১ জন মারা গেছেন।

এর আগে, সোমবার (৩১ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ৫০১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

Share





Related News

Comments are Closed