Main Menu

জাবি শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে ক্ষমা চেয়েছেন শাবি উপাচার্য

জাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে মুঠোফোনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। জাবির জনসংযোগ কার্যালয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, ‘ তার বক্তব্য সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই আহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকগণ তাকে ক্ষমা করে দেবেন।’

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ফোনালাপে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে জাবি’র নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায়। এতে সকল মহলেই সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন, মিছিল ও মানববন্ধন করতে দেখা যায়।

Share





Related News

Comments are Closed