Main Menu

শাবি’র উপাচার্যের পদত্যাগের দাবিতে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

‘জাগো নারী, জাগো বহ্নিশিখা’ স্লোগানকে ধারণ করে শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ সহ তার অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে জাবি প্রশাসনের পদক্ষেপের দাবীতে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লৈঙ্গিক হয়রানী এবং সারাদেশে নারী নিপীড়ন ও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রবিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের গেট থেকে শুরু হয়ে মিছিলটি ছাত্রী হলগুলোর সামনে থেকে ট্রান্সপোর্ট চত্ত্বর হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘যেই ভিসি বোমা মারে সেই ভিসি চাই না, ১ ২ ৩ ৪ ফরিদ তুই গদি ছার, হলে হলে বৈষম্য মানি না মানবো না, দিনে হোক রাতে হোক সামলিয়ে রাখো চোখ’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম মৌসুমী বৃষ্টি বলেন, ‘এই লড়াই শুধু শাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নয়, এই লড়াই নারীদের পিছিয়ে রাখার যে চেষ্টা তার বিরুদ্ধে। আমাদের প্রতিবাদ প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে যারা নারীকে পিছিয়ে রাখার চেষ্টা করে, যারা মনে করে নারী বাইরে থাকলেই অনৈতিক কর্মকাণ্ড করছে।’

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, ‘ধর্ষণ বিরোধী আন্দোলনে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরাই প্রথম বলেছিল, আমার বোন ধর্ষিত মানে আমি ধর্ষিত, এর বিচার চাই। সেখানে শাবিপ্রবির আকন্ঠ দুর্নীতি নিমজ্জিত ভিসি বলে জাবির মেয়েদের চরিত্র খারাপ, তাদের নাকি বিয়ে হবে না! এধরনের বক্তব্য মেনে নেয়া যাবে না।’

সমাবেশে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘শাবিপ্রবির ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা খুবই কুরুচিপূর্ণ। যে ভিসি এধরনের বক্তব্য দেয় এ ধরনের ভিসি হওয়ার যোগ্য না। তিনি দেশের প্রতিটি নারীর জন্যে হুমকি স্বরূপ। তিনি বলেছেন জাবির মেয়েদের বিয়ে হয় না,আমরা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বিয়ের জন্য আসিনি। বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা, উচ্চ শিক্ষা গ্রহনের জায়গা। বিশ্ববিদ্যালয় নিজেকে বিবাহযোগ্যা প্রমাণের জায়গা নয়, নিজেদের বিবাহ উপযোগী করে গড়ে তোলায় জায়গা নয়।’

এর আগে, শাবিপ্রবি উপাচার্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ছবি প্রদর্শনী ও শহীদ মিনারে প্রতিকী অনশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের জাবি’র নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে সকল মহলেই সমালোচনার ঝড় উঠেছে।

Share





Related News

Comments are Closed