Main Menu

শাবি উপাচার্য ফরিদ উদ্দিনের আপত্তিকর মন্তব্যে জাবি শিক্ষকদের প্রতিবাদ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাবি শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. খালিদ কুদ্দুস সাক্ষরিত পৃথক দুই বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক। শাবিপ্রবি-এর উপাচার্যের আপত্তিকর উক্তির বিরুদ্ধের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আমরা আশাকরি, তিনি প্রকাশ্যে তার ভুল স্বীকার করে অশোভন মন্তব্য প্রত্যাহার করে নেবেন।’

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতিতে বলা হয়,’সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সন্তানতুল্য নারী শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদমাধ্যম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ন করছে। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য। মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীরা সফলতার সঙ্গে পালন করছেন। উক্ত বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ-এর দায়িত্বহীনতা, অ-অভিভাবক সুলভ আচরণ ও নারীর প্রতি বিদ্বেষ প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ভুল অনুধাবন করে তার অশালীন বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করে নেবেন।’

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপে উপাচার্য ফরিদ উদ্দিন জাবি’র নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে সকল মহলেই সমালোচনার ঝড় উঠেছে।

অডিওতে শোনা যায়, ‘যারা এই ধরনের দাবি তুলেছে, যে বিশ্ববিদ্যালয় সারারাত খোলা রাখতে হবে, এইটা একটা জঘন্য রকম দাবি। আমরা মুখ দেখাইতে পারতাম না। এখানে আমাদের ছাত্রনেতা বলছে যে, জাহাঙ্গীরনগরের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে চায় না। কারণ সারারাত এরা ঘোরাফেরা করে। বাট আমি চাই না যে আমাদের যারা এত ভালো ভালো স্টুডেন্ট, যারা এত সুন্দর, এত সুন্দর ডিপার্টমেন্টগুলো, বিখ্যাত সব শিক্ষক। তারা যাদের গ্র্যাজুয়েট করবে, এরকম একটা কালিমা লেপুক তাদের মধ্যে।’

 

Share





Related News

Comments are Closed