দেশে এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: গত এক সপ্তাহে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন।
রোবেদ আমিন বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও চলে গেছে। কিন্তু ২১ ডিসেম্বর থেকে ক্রমেই সংক্রমণের হার বেড়ে বর্তমানে দুই দশমিক ৭৮ পর্যন্ত বেড়েছে।
সরকারি উপাত্ত তুলে ধরে রোবেদ আমিন বলেন, নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫ আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
দেশে করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্বদের সংখ্যা অনেক বেশি বলে জানান রোবেদ আমিন। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৪ জন। এর আগের সপ্তাহের তুলনায় শনাক্ত রোগী ৬০ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ মৃত্যুহার ১৫০ শতাংশ বেশি। ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। ৩১ ডিসেম্বর এ হার বেড়ে দুই দশমিক ৭৪ শতাংশ হয়েছে।
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে অভিমত অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের।
করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিন দিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন।
এর আগে শনিবার (১ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল আরও ৫ হাজার ৬২০ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed