Main Menu

সিলেটে ব্যাটারী চালিত যান বন্ধে সিসিকের অভিযান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম বন্ধে অভিযান শুরু হয়েছে।

রবিবার (৭ নভেম্বর ২০২১) দুপুরে সিলেট নগরের সুবিধবাজার এলাকায় অভিযানে নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় জনসচেতনতার লক্ষ্যে তিনি ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটমের চালক সহ যাত্রী সাধারণের সাথেও কথা বলেন। অভিযানে ১২ টি ব্যাটারী চালিত রিকশা জব্দ করা হয়।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উচ্চ আদালতের নিদের্শনার পরিপ্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে।

সিসিক মেয়র বলেন, ব্যাটারী চালিত রিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধে সিলেট সিটি কর্পোরেশন সোমবার (৮ নভেম্বর ২০২১) থেকে নগরজুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালাবে।

সিলেটকে একটি আধুনিক ও স্মার্ট নগরে প্রতিষ্ঠায় এই অভিযানে সর্বস্থরের নগরবাসির সহয়োগিতা কামনা করেছেন সিসিক মেয়র।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, ব্যাটারি চালিত যানবাহনের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার ৭ নভেম্বর বিকাল ৩টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর, চালক সংগ্রাম পরিষদের শহিদ মিয়া, মনজুর আহমদ, কোরবান আলী, খোকন আহমদ, হারুনুর রশিদ, মারুফ মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে যখন সারাদেশে ব্যাটারি চালিত যানবাহন চলাচল করছে তখন কোন কারণে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় তাহলে প্রায় ১০ হাজার শ্রমিক ও তার উপর নির্ভরশীল ৫০ হাজার মানুষের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার।দেশের অর্থনৈতিক সংকট, বেকার সমস্যার পাশাপাশি সিলেট মহানগরে নাগরিক পরিবহন ও চালকদের কর্মসংস্থান, জীবন জীবিকার সংকটের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে সহৃদয় পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করা হয়।

Share





Related News

Comments are Closed