Main Menu

ভোজনবাড়ি রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর ভোজনবাড়ি রেস্টুরেন্টে পচা-বাসি খাবার বিক্রি ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্রের সঠিক নবায়ন না থাকায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করে মোট ১৩ জনের নামে মামলা দায়ের করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে র‍্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন বলে বুধবার দুপুরে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম আহমদ।

এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- তুরাব আলী, সুভ চন্দ্র, সৈয়দ মখদ্দিস আলী। এর মধ্যে একজন ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার, একজন সুপারভাইজার ও ওপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে দিনব্যাপী সিলেট নগরীর পাঁচভাই, পানসি ও ভোজনবাড়ি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে র‍্যাব-৯। অভিযানে সিলগালা (সাময়িক বন্ধ) করা হয় ভোজনবাড়ি রেস্টুরেন্ট। একই সময় ৮০ হাজার টাকা করে পাঁচভাই ও পানসি রেস্টুরেন্ট থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার ও সুপারভাইজারকে। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এদিকে, দিনব্যাপী র‌্যাবের অভিযান শেষ হতে না হতেই বিকেলে সড়ক অবরোধ করেন হোটেল মালিক-শ্রমিকরা। বিকেল ৫টা থেকে শ্রমিকরা শ্লোগান নিয়ে এসে জড়ো হন জিন্দাবাজার মোড়ে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যস্ততম জিন্দাবাজার অবরুদ্ধ থাকায় দেখা দেয় ভোগান্তি। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সাথে কথা বলা হলে তারা অবরোধ সরিয়ে শহীদ মিনারের সামনে স্থানান্তর করেন। এ অবরোধ কর্মসূচি থেকে সিলগালা হওয়া ভোজনবাড়ি রেস্টুরেন্ট খুলে না দিলে এবং জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নিয়ে যাওয়া দুই কর্মীকে মুক্ত করে না দিলে আজ বুধবার থেকে সিলেট নগরীর সকল খাবার রেস্টুরেন্ট বন্ধ রাখার ঘোষণা দেয় সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশন। পরে সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়।

Share





Related News

Comments are Closed