Main Menu

ওসমানীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ জলি বেগম (৩০) উপজেলার কছপুরাই গ্রামের আমির আহমদের স্ত্রী।

শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করনসীরোডস্থ ছয়ফুল বিবির ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জলি বেগম ও আমির আহমদ দম্পতির ৯ বছর বয়সী ছেলে তামিম ও ৬ মাস বয়সী তামিমা বেগম নামের দুই সন্তান রয়েছে। তামিমা জন্মের পর থেকে জলি বেগম কিছুটা মানসিক অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সন্ধ্যায় স্বামী আমির আহমদ জলি বেগমের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে জলির বাবার বাড়িতে খবর দেন।

রাত সাড়ে ৮টার দিকে ইউপি চেয়ারম্যান ও নিহতের পিতা মাতার সামনেই ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় ঘরের জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পেচানো লাশ। বিছানায় ৬ মাস বয়সী শিশু তামিমা বেগম ঘুমাচ্ছে। বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে সে কিছুটা মানসিক অসুস্থ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share





Related News

Comments are Closed