Main Menu

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত বিদেশি নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির অর্ধগলিত দেহ থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া মুখের ভেতরের জিহবা বেরিয়ে গিয়েছিল।

অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধারকালে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ পেয়েছে পুলিশ। মানিব্যাগের ভিতরে একজন ভারতীয় আইনজীবীসহ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড এবং একটি সিম কার্ড পাওয়া গেছে। লাশের সাথে পাওয়া কার্ডগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-লাশটি কোনো ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেখানে পৌছে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, উদ্ধার করা অজ্ঞাত লাশটি বাংলাদেশি নাগরিক বলে মনে হচ্ছে না। আমরা ধারণা করছি- লাশটি ভারতীয় নাগরিকের।

Share





Related News

Comments are Closed