Main Menu

সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’, আরএনবি সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বুদ্ধিপ্রতিবন্ধী আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) এক সদস্যকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় তাকে আটক করা হয়। এসময় ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক নাজমুল (৪৫) নরসিংদীর রায়পুরা থানার গোপীনাথপুর এলাকার মো. দিলওয়ার হোসেনের পুত্র। দীর্ঘদিন থেকে সে সিলেটে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য হিসেবে রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করে আসছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) কামরুল হাসান তালুকদার মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বলেন, শিশুটি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। ফেরি করে মালা বিক্রি করত। সোমবার সকাল ৯ টার দিকে আরএনবি সদস্য নাজমুল তাকে বুঝিয়ে বারখলার জাহাজ বিল্ডিং এর দ্বিতীয় তলায় তার ভাড়া বাসায় নিয়ে যায়। পরে রাত আনুমানিক ১১ টার দিকে সে শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তার মায়ের কাছে নিয়ে যান। তখন ওই শিশু তার মাকে বিষয়টি বলার পর স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষনিক অভিযুক্তকে আটক করা হয়েছে।

এসময় আহত অবস্থায় শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিশুটির সাথে তার মাও হাসপাতালে আছেন। এখন তার মা অভিযোগ দেবেন। আমরা গ্রেফতার দেখিয়ে নাজমুলকে আদালতে প্রেরণ করেছি।

Share





Related News

Comments are Closed