Main Menu

নেপালের বিপক্ষে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর মাঠে ফিরে জয় দিয়ে উপলক্ষ্য রাঙাতে পারল না বাংলাদেশ মেয়ে ফুটবল দল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড়ই খেলে বসুন্ধরা কিংসে। বসুন্ধরার সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা লিগে প্রতিপক্ষকে দিয়ে থাকেন ভুরি ভুরি গোল। অথচ এ ম্যাচে আলো ছড়াতে পারলেন না তারা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মাঠে নামার আগে সবশেষ ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এরপর করোনার কারণে খেলা হয়নি সাবিনা খাতুনদের। নিজেদের মাঠে ১৪তম মিনিটে এগিয়ে যায় নেপালের মেয়েরা। এ সময় সতীর্থের ফ্রি কিক থেকে গোল করেন সবিতা রানা।

নেপাল দ্বিতীয় গোলটি করে ২২তম মিনিটে, এবার স্কোর বোর্ডে নাম প্রীতি রাইয়ের।

এরপর আক্রমণ পালটা আক্রমণে খেলা সামনে এগুতে থাকলেও আর গোল পাচ্ছিল না কোনো দল। অবশেষে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এ সময় লক্ষ্যভেদ করেন তহুরা খাতুন। এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পালে জালে জড়ায় বল। বাকিটা সময় নেপালের রক্ষণে বেশ চাপ দিলেও সাবিনা, তহুরারা পারেননি সমতায় ফেরা গোল এনে দিতে। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

নেপাল ও বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলবে আগামী কয়েকদিনের মধ্যে। রোববার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপাল ট্যুর শেষ করে সেখান থেকে উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ।

Share





Related News

Comments are Closed