Main Menu

পুলিশের কলার চেপে ধরায় জৈন্তাপুরে ইউপি সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মহাসড়কে ইজিবাইক ছাড়িয়ে নিতে এসে পুলিশের কলার চেপে ধরার অভিযোগে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছোট ভাইকে আটক করেছে পুলিশ। আটক মো. ইসমাইল আলী জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

বুধবার (৮ সেপ্টেম্র) রাত সাড়ে আটটার দিকে জৈন্তাপুর থানায় এ ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ওই ইউপি সদ্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করায় সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে চলাচলকারী কয়েকটি ইজিবাইক আটক করে জৈন্তাপুর থানা-পুলিশের একটি দল। সন্ধ্যায় আটক ইজিবাইকগুলো জৈন্তাপুর থানা প্রাঙ্গণে রাখা হয়। রাত আটটার দিকে একটি ইজিবাইক ছাড়িয়ে নিতে থানায় যান মো. ইসমাইল হোসেন।

সেখানে কর্তব্যরত পুলিশের দুজন সদস্যের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হওয়ার একপর্যায়ে এক পুলিশ সদস্যের কলার চেপে ধরেন তিনি। ইসমাইলের হাত থেকে ওই পুলিশ সদস্যের কলার ছাড়িয়ে নিতে গেলে কর্তব্যরত অন্য দুই পুলিশ সদস্যের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। থানার কম্পাউন্ড থেকে এ দৃশ্য দেখে কয়েকজন পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানার ওসি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে (ইসমাইল) আটক করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমি সিলেটে আছি। শুনেছি, পুলিশের সঙ্গে কী ঝামেলা হয়েছে। সত্য-মিথ্যা জানি না। তবে পুলিশের কলার চেপে ধরা বা হাতাহাতির ঘটনা সত্য নয়।’

Share





Related News

Comments are Closed