Main Menu

বিশ্বনাথে বাইপাস মোড়ে নির্মাণ হচ্ছে গোল চত্বর

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের অর্থায়নে প্রথমবারের মত সিলেটের বিশ্বনাথ উপজেলার জগন্নাথপুর বাইপাস (আব্দুল হাসিমের) মোড়ে গোল চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে, এই মোড়টি আব্দুল হাসিমের মোড় নামে দেশে-বিদেশে সুপরিচিত। উপজেলার দেওকলসের বাসিন্দা সিলেট-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ছোট ভাই সিলেট জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সহল-আল রাজি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে এ চত্তর নির্মাণ হতে যাচ্ছে।

গোলাকার চার স্থর বিশিষ্ট ১৬ ফুট গোলবৃত্তের ওই চত্বর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস (আব্দুল হাসিমের মোড়) চত্বর নির্মাণের স্থান পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রধান প্রকৌশলীসহ স্থানীয় জন প্রতিনিধিরা। আগামি জুন ২০২২ সালের মধ্যে সেটি বাস্তবায়ন করার কথা রয়েছে।

পরিদর্শনকালে সিলেট জেলা পরিষদের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, সহকারী প্রকৌশলী সূর্য্য সেন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ মুরব্বী আলহাজ পংকি খান, জেলা পরিষদ সদস্য সহল আল্-রাজি চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভা সহায়ক কমিটির সদস্য জহুর আলী মেম্বার, শাহ নেওয়াজ চৌধুরী, সেলিম মেম্বার এবং চত্বরের ডিজাইনার (আর্কিটেক্ট) তুষার ঘোষ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কথা হলে সহল আল্-রাজি চৌধুরী বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান জীবিত থাকাকালীন সময়ে তিনি জেলা পরিষদের অর্থায়নে বিশ্বনাথে একটি গোল চত্বর নির্মাণের জন্য আবেদন করেন। এরপর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ সেটি অনুমোদন দেন।

জেলা পরিষদের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ বলেন, স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে পর্যালোচনা করে চত্বর নির্মাণের জন্য টেন্ডার দেওয়ার পর কাজ শুরু করা হবে। আগামি জুন ২০২২ সালের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed