Main Menu

সিলেট-৩ আসনে ভোট গ্রহণশেষে চলছে গণনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বড় কোন বিশৃঙ্খলা ছাড়াই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৪ টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে।

ভোট গ্রহণশেষে এখন চলছে ভোট গণনা। শনিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণণা।

সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। তবে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সেগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য।

সকাল সোয়া ৮টায় ভোট দেন এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি তার নিজ কেন্দ্র দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। আর স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট প্রদান করেছেন।

দক্ষিণ সুরমার কুটু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনরত প্রভাষক কাশমির রেজা জানান, তার কেন্দ্রে শতকরা প্রায় ৪০ ভাগ ভোট কাস্ট হয়েছে। সেখানে ২২০০ ভোটের মধ্যে প্রায় এক হাজার ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।

বিএনপি’র বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। দলের নেতা-কর্মীদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

চলতি বছরের ১১ মার্চ করোনায় এ আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। সেই তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুদিন আগে ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ভোাটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share





Related News

Comments are Closed