Main Menu

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৪৪ বছরে পা দেওয়া দলটি সবচেয়ে সঙ্কটময় মুহূর্ত অতিক্রম করছে। এক যুগের বেশি সময় ধরে নানা চড়াই উৎরাইয়ের মধ্যেও রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছে। রাজপথে সক্রিয় হতে না পারলেও জনগণের পাশে থাকতে নানা কর্মসূচি দিচ্ছে।

প্রতিষ্ঠার ৪৩ বছরে সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরে আছে বিএনপি। সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি মামলা ও গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা। দলটির শীর্ষ দুই কান্ডারি-চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছেন না নেতাকর্মীরা। সব মিলিয়ে কঠিন সংকটের মুখে দলটি।

এমন পরিস্থিতিতে আজ উদ্যাপিত হচ্ছে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা হয়। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির নেতাকর্মীরা মনে করেন, নেতাকর্মীদের মধ্যে আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে সঠিক ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সুবিধাবাদীদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগীদের সামনে এনে দল পুনর্গঠন করতে হবে। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিপর্যয়ে পড়েছে এই দল।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। এই উদ্যোগের ফল হিসেবেই বিএনপির জন্ম। জাতীয় গণতান্ত্রিক দলকে (জাগদল) বিএনপির সঙ্গে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলটির প্রথম মহাসচিব ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন। সংবাদ সম্মেলনে প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জিয়াউর রহমান।

Manual2 Ad Code

বিএনপি প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া।

প্রতিষ্ঠার পর ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকেই ক্ষমতার বাইরে রয়েছে এই দল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত এবং নানা শারীরিক জটিলতা নিয়ে অবস্থান করছেন রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‍দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে এখন অবস্থান করছেন লন্ডনে।

Manual8 Ad Code

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ‘আজ থেকে ৪৩ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবি, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ, সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে— এটাই বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।’

কর্মসূচি : করোনাভাইরাস মহামারির মধ্যে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোর ৬টায় কেন্দ্রসহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, স্থায়ী কমিটির পক্ষে বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১টায় মহানগর দক্ষিণ ও উত্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ওষুধ ও করোনা সামগ্রী বিতরণ। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা হবে।

দিবসটি উপলক্ষে সারাদেশে একইভাবে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code