Main Menu

লকডাউন-টিকা বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। শনিবার বার্লিনের রাস্তায় নামে সাধারণ মানুষ।

করোনার বিধিনিষেধবিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। শনিবার বার্লিনের রাস্তায় নামে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, করোনা নিয়ন্ত্রণের নামে গত এক বছর ধরে জার্মানিতে স্বৈরশাসন জারি করেছে মার্কেল প্রশাসন। বিধিনিষেধ তুলে না নিলে লাগাতার সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সব ধরনের সমাবেশ আগেই নিষিদ্ধ করেছিল জার্মান প্রশাসন। কিন্তু মার্কেল সরকারের করোনা সংক্রান্ত সব আদেশকে অমান্য করে বরাবরের মত শনিবারও রাজধানী বার্লিনে করোনা বিধি-বিরোধী সমাবেশ করেছে বিকল্প চিন্তা, মৌলিক দল ও সমমনা ১৩টি সংগঠন।

বরাবরের মতই রাজধানী বার্লিনের নানা সড়কে করোনাবিরোধী সমাবেশগুলোতে ছিল না মাস্কের কোনো বালাই। সমাবেশকারীদের কাউকেই মানতে দেখা যায়নি কোনো রকম সামাজিক দূরত্ব। এসময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, ‘দেখুন আমাদের এই মার্কেল প্রশাসন করোনার মাস্ক ও টিকার ক্রয়ের নামে যে লাগামহীন দুর্নীতি করেছে তা ইতিহাস হয়ে থাকবে। একারণে আমরা সকল দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের দাবি করছি। সামনে আমরাও নির্বাচন করবো। এই নৈরাজ্য চলতে দেয়া যায়না।’

আরেকজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সরকারী দায়িত্ব পালন করছে। তাই আমাদের বাঁধা দিচ্ছে। কিন্তু আমাদেরও অধিকার স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।’

সমাবেশ থেকে ১২ থেকে ১৭ বছরের শিশুদের করোনার টিকা দেয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা বলেন, আমাদের বাচ্চাদের করোনার টিকা দিতে দেব না। করোনার টিকার নামে বাচ্চাদের জেনেটিককে ধ্বংস করার পায়তারা চলছে।

তারা আরো বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা আপিল করেছি। বড়দের যেমন জ্বর কাশি সর্দি হয় তেমনি বাচ্চাদেরও হয়। কিন্তু করোনার নাম দিয়ে মৌলিক স্বাধীনতা, অধিকার হরণ করে জনগণকে দাবিয়ে রাখার অপচেষ্টা আমরা নস্যাৎ করে দেবো। দরকার হলে বারবার রাজপথে নামব।

এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজপথে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য। সমাবেশ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে আটক করা হয় অর্ধশতাধিক শতাধিক বিক্ষোভকারীকে।

Share





Related News

Comments are Closed