Main Menu

দেশে করোনায় আরও ১৯৭ মৃত্যু, শনাক্ত ৮৪৬৫

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৯৭ জন। যা গত ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এছাড়া টানা ১৯ দিন পর দুইশোর নিচে নামল মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৪৬৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১০ হাজার ১২৬ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed