১৯ দিন পর পুরনো রুপে ফিরল সিলেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় টানা ১৯ দিন পর আজ বুধবার (১১ আগস্ট) সকাল থেকে রাস্তায় চলাচল করছে গণপরিবহন। এছাড়া চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিসসহ আর্থিক প্রতিষ্ঠান। খুলেছে দোকানপাট ও শপিংমল। তবে, সবকিছু খুলে দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে। আদালত চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এছাড়া শপিং মল-মার্কেট-দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে। সব ধরনের শিল্প-কলকারখানা চালু থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সিলেট মহানগর ব্যবসায়ী এক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে সিলেটে দোকান-পাট খুলেছে। মাস্ক ছাড়া কাউকে মার্কেটে প্রবেশ না করানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার ভোর থেকে সিলেটের আঞ্চলিক সকল সড়কসহ দূরপাল্লার গাড়িও ছেড়ে যেতে দেখা গেছে। সকালে সিলেটের কদমতলীতে গিয়ে দেখা যায় বাস ছেড়ে গেলেও যাত্রী খুব বেশি নেই। দূরপাল্লার বাসেও যাত্রীর সংখ্যা কম। এ ক্ষেত্রে প্রথম দিন হওয়ায় যাত্রী কম বলে জানিয়েছেন শ্রমিকরা।
করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
Related News
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More



Comments are Closed