Main Menu

এনআইডি-নিবন্ধন ছাড়া মিলবে না করোনার টিকা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী শনিবারই (৭ আগস্ট) পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। এর এক সপ্তাহ পর আগামী ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পুরোদমে চলবে গণটিকার কার্যক্রম। এ টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (৪ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি জানান, আপাতত বিশৃঙ্খলা এড়াতে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দেওয়া যাবে না। যারা নিজেরা নিবন্ধন করতে পারবেন না, তাদের নিবন্ধন করতে সহায়তা করবেন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা। এমনকি যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা দ্রুত সময়ের মধ্যে যাতে জাতীয় পরিচয়পত্র করতে পারেন, সে জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষকে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মাঠ পর্যায়ে (মহানগরের বাইরের) টিকার পরিকল্পনার বিষয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, আমাদের দেওয়া নির্দেশনা অনুসারে সাত দিনব্যাপী টিকাদান কর্মসূচি ঠিক করা হলেও বাস্তবে টিকা দেওয়া হবে তিন দিন। ওই সাত দিনের মধ্যে শুক্রবার টিকা দেওয়া হবে না, আর বাকি তিন দিন অন্যান্য রোগের নিয়মিত টিকাদান চলবে।

এ গণটিকাদান কর্মসূচির আওতায় দেশের অন্তত ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এ টিকা উৎসব চলবে।

এ কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের বাইরে প্রথম দফায় প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে মোট ১৪ হাজার কেন্দ্রে ৮৪ লাখ এবং সিটি করপোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্রে আলাদাভাবে আরও ১৬ লাখ টিকা দেওয়া হবে। এর জন্য প্রথম দফায় প্রতিটি ইউনিয়নের তিনটি কেন্দ্র বাছাই করা হয়েছে।

করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হয় ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যায় নিবন্ধন।

এজন্য প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র এবং নাম, ঠিকানা, বয়স, পেশা, শারীরিক পরিস্থিতি, ফোন নাম্বার ইত্যাদি তথ্য। সেখানে প্রথমে নিজের পেশার ধরণ, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।

বাংলাদেশের আইসিটি বিভাগের প্রোগ্রামাররা এই ডাটাবেজটি তৈরি করেছেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পূরণ করা যায়। ওয়েব অ্যাপলিকেশনে নিবন্ধন করতে হলে তাদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হয়।

 

Share





Related News

Comments are Closed