পরকীয়ায় আসক্ত প্রেমিক যুগল আটক, স্বামীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া প্রেমিক যুগলকে আটক করেছে জনতা। অচেতন অবস্থায় বিজয় বাউরীকে (স্বামী) উদ্ধার করলেও পরে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ৯টায় ঘটনাস্থল থেকে পরকীয়া প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে এসেছে।
এ দিকে মৃতের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী চা বাগানে নতুন লাইনের জিলপাড়া নামক এলাকায় ২৯ জুলাই সকালে। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে মায়ের ও অবুঝ ২ শিশুর আহাজারিতে এলাকায় হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারনা করে।
নিহতের মা যমুনা বাউরি সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগ করে বলেন, আমার ছেলে বিজয় বাউরী (৩০) এর সাথে জুড়ি উপজেলার সোনারুপা চা বাগানের মতি বাউরীর মেয়ে অষ্টমি বাউরী (২৮) এর সামাজিকভাবে ১০ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের সংসারে রূপালী (৭) ও লাভনী বাউরী (৪) বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। কয়েক বছর তাদের সংসার সুখে চললেও কয়েক মাস পূর্বে প্রতিবেশী চাঁন মিয়ার ছেলে সেলিম মিয়াকে (৩৫) বাড়ির সামনে দোকান কোঠা ভাড়া দিলে (সেলিমের) তার কু-দৃষ্টি পড়ে আমার ছেলের সংসারে।
তিনি জানান ২৮ জুলাই বুধবার রাত ১০টায় প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে মানুষ জনের চেঁচামেচিতে ঘুম ভাঙ্গলে দেখি লোকজন আমার ছেলের ঘর ঘিরে রেখেছে। জিজ্ঞেস করলে লোকজন জানায়, আমার ছেলের ঘরে প্রতিবেশি সেলিম ঢুকেছে। পরে ঘরের মধ্যে থাকা ড্রেসিং টেবিলের তালাবন্ধ বক্সের ভেতর থেকে সেলিম মিয়াকে আটক করে স্থানীয়রা।

স্থানীয় যুবক বিশ্বজিৎ বাউরী, বুদু, চন্দন দাস, মনা মিয়া, সোহেল মিয়া, সুমন ও সুচিত্রসহ এলাকাবাসীরা জানান, চাঁন মিয়ার ছেলে সেলিম মিয়া একজন লম্পট প্রকৃতির। তার কারণে এলাকায় একাধিক সংসার ভেঙ্গেছে। অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। বুধবার দিবাগত রাতে স্থানীয় বিজয় বাউরীর বসত ঘরের পেছনের জানালা দিয়ে সেলিমকে প্রবেশ করতে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে স্থানীয়দের জানালে স্থানীয় যুবকরা বিজয় বাউরীর ঘর ঘিরে রাখে। বৃহস্পতিবার ভোরে উপস্থিত জনতা বাড়ির লোকজনকে ডেকে বিজয়ের ঘরের দরজা খুলে তল্লাশি করে সেলিমকে পাওয়া যায়নি। পরে জনতার জেরার মুখে অষ্টমি বাউরী ড্রেসিং টেবিলের বক্সের ভেতর থেকে তালা খুলে সেলিম মিয়াকে বের করে দেয়।
এ সময় বিজয় বাউরীকে অচেতন অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখা যায়। এছাড়া ঘর তল্লাশির সময় অষ্টমি বাউরির শয়ন কক্ষ থেকে ৪টি ঘুমের বড়ি এপিক্লোন-২ ও ৪ টি সিনারন প্লাস ট্যাবলেটের খালি খোসা পাওয়া গেছে।
স্থানীয়রা আরো জানান, সেলিম ও অষ্টমি তাদের প্রেম লিলা নিরাপদভাবে চালিয়ে যাওয়ার জন্য হয়তো বিজয়কে রাতে অতিরিক্ত ঘুমের বড়ি খাইয়ে প্রেমিক সেলিমকে ঘরে ঢুকিয়েছে।
এদিকে অভিযুক্ত সেলিমের প্রতিবেশী ভুক্তভোগী শান্তনা গঞ্জু অভিযোগ করে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে সেলিম আমাকে কুপ্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হওয়ায় সে একাধিকবার আমার ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকার চেষ্টা করে। আমি তার ভয়ে পরবর্তীতে মান সম্মান রক্ষার্থে দ্বিতীয় বিয়ে করি। এই ধরনের লম্পটের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।
আরেক প্রতিবেশী সন্টু বাউরী বলেন, সেলিম একজন লম্পট। তার কারণে আমার সংসারও ভেঙ্গেছে। আমার ঘরে এক অবুঝ সন্তান রয়েছে। আজ আরেক সংসার ভাঙ্গলো এই লম্পট।
ফুলবাড়ী বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পাল বলেন, এর পূর্বে সেলিমের বিরুদ্ধে অভিযোগে একাধিক সালিশ বৈঠকে ক্ষমা চেয়ে পার পেলেও তার চরিত্রের পরিবর্তন হয়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই প্রেমিক যুগলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে বিজয় বাউরী কি ভাবে মার গেছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed