Main Menu

মাদক ও অস্ত্রসহ মেয়রের স্ত্রী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও প্রায় কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেয়রের স্ত্রী জেসমিন বেগমসহ তার দুই ভাতিজাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ জুলাই) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির গোপন দরজা দিয়ে পালিয়ে যান পৌর মেয়র মুক্তার আলী।

অভিযানে, মেয়রের বাড়ি থেকে নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও মদ উদ্ধার করা হয়।

পলাতক মেয়রকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর মেয়র মুক্তার আলী আড়ানী বাজারের পল্লী চিকিৎসক জানারুল ইসলামের দোকানে প্রবেশ করে তাকে প্রথমে মারপিট করেন। এরপর মেয়রের নেতৃত্বে তার সহযোগীরা ওই বাজারের আরেক পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলাম, তার স্ত্রী দিলরুবা এবং ৭ বছরের শিশু সন্তান অয়নকে মারপিট করে। এ ঘটনায় আহত মনোয়ারুল ইসলাম রাতেই বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

স্থানীয়রা জানায়, আড়ানী বাজারে ওইদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে মেয়রের ছেলের শ্বশুর শামীম হোসেনের ওষুধের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়রের বেয়াই শামীমের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এতে ক্ষিপ্ত হয়ে মেয়র মুক্তার আলী রাতে ওই বাজারের অপর দুই পল্লী চিকিৎসক জানারুল ও মনোয়ারুলের দোকানে প্রবেশ করে তাদেরকে মারপিট করেন। এতে আহতরা অভিযোগ করলে পুলিশ গভীর রাতে মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালায়।

 

Share





Related News

Comments are Closed