Main Menu

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন শফি চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী। এ লক্ষ্যে আগামী ১৫ জুন মঙ্গলবার দেশে আসছেন তিনি। সাবেক এ এমপির সহকারী রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে ১২ জুন শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এ ঘোষণার অপেক্ষায় ছিলেন শফি চৌধুরী। ঘোষণা শোনার পর শনিবার রাতেই দেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।

রাজু আহমদ জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৪ জুন তার কর্মী-সমর্থকরা তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন। ১৫ জুন আমেরিকা থেকে দেশে ফিরবেন তিনি।

চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থানরত সাবেক এ এমপি কয়েকদিন আগে এ প্রতিবেদককে জানান, ‘এলাকার জনগণ চাইলে তিনি এ আসনে প্রার্থী হতে আগ্রহী।’ তিনি জানান, তার কাছে এলাকার উন্নয়নই সবচাইতে বড় অগ্রাধিকার।

২০০১ সালে সিলেট-৩ আসনের এমপি নির্বাচিত হন শফি আহমদ চৌধুরী। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করে তিনি মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর কাছে পরাজিত হন। গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। এ জন্য আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকের নাম ঘোষণা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed