Main Menu

ভারতে একদিনে শনাক্ত ৪ লাখ, মৃত্যু সাড়ে ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। শুক্রবার থেকে শনিবার (১ মে) সকাল পর্যন্ত দেশটিতে সবশেষ একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড চার লাখের বেশি। আর মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন। আর এ মহামারিতে মারা গেছেন দুই লাখ ১১ হাজার ৮৩৫ জন।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, মহামারি করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। এর দায় রাজ্য সরকারের ওপর চাপাচ্ছেন সাধারণ মানুষ।

এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জানিয়েছেন, শহরবাসীকে এখন দেয়ার মতো ভ্যাকসিন তাদের হাতে নেই। সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। দিল্লির সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই নেই শয্যা। অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৬৬ জন। নতুন করে ৮ লাখ ৭১ হাজার ৫৯৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।

Share





Related News

Comments are Closed