জাপানের উত্তরপূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরপূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ এ কম্পনে কেঁপে ওঠে দেশটি। এর উৎপত্তিস্থল ছিল ইশিনোমাকি শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য জাপান আবহাওয়া সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে রাজধানী টোকিওর ভবনগুলোও কেঁপে উঠেছিল।
ভূমিকম্পের ফলে ভুক্তভোগী অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় সেন্দাই শহরে একটি ভবন ভয়াবহভাবে দুলছে। এমনকি কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে টোকিওতেও অনুভূত হয়েছে এর রেশ।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্র। তবে কম্পনের কারণে সেখানে কোনো সমস্যা তৈরি হয়নি বলে জানিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ।
ভূমিকম্পের জেরে বন্ধ রয়েছে জাপানের উত্তরাঞ্চলীয় বুলেট ট্রেন সেবা। সেটি আবার কখন চালু হবে তা এখনো নিশ্চিত নয়।
গত কয়েক মাসের মধ্য জাপানে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মার্চে সেখানে ৭ দশমিক ২ মাত্রার প্রবল কম্পন অনুভূত হয়েছিল। ফেব্রুয়ারিতেও আঘাত হেনেছিল একই মাত্রার আরেকটি ভূমিকম্প। ২০১১ সালে দেশটিতে আঘাত হানা ৯ মাত্রার কম্পন ইতিহাসেই অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed