Main Menu

সিলেটে লকডাউন ভেঙ্গে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লকডাউনে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ হলেও সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ ও দশ টাকা কেজি দরের ভিজিএফের চাল শ্রমিকদের মধ্যে বিতরণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হুমায়ূন রশিদ চত্বর ও কিনব্রিজ এলাকা ঘুরে ফের টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে টার্মিনালে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিমান চলাচল শুরু হয়েছে। প্রাইভেট গাড়ি চলছে। লকডাউনের অজুহাতে শুধুমাত্র গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছে। এতে দেশের লাখ লাখ শ্রমিক রমজান মাসে না খেয়ে আছে। এই অমানবিক অবস্থা থেকে শ্রমিকদের মুক্তি দিতে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশ দিতে হবে।

বক্তারা বলেন, গণপরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করলেও তাদেরকে ভিজিএফ’র আওতায় নেয়া হচ্ছে না। তাই শ্রমিকদের ভিজিএফ’র আওতায় নিয়ে ১০ টাকা কেজি দরে তাদেরকে চাল দিতে হবে।

বক্তারা আরো বলেন, শ্রমিকদের নায্য দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার শ্রমিকরা ঘরে ফিরবে না। বক্তারা বলেন, এখন পবিত্র রমজান মাস, সামনে ঈদ। তাই শ্রমিকদের জীবিকার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুশ শহীদ, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল মতিন ভিআইপি, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য রাজা আহমদ রাজা, সুজন মিয়া, লিটন মিয়া, বরকত আলী, সিলেট জেলা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মতছির আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed