পৃথিবীর বাইরে প্রথমবারের মতো ড্রোন ওড়াল নাসা
প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলের আকাশে সফলভাবে হেলিকপ্টার উড়িয়েছে। এর মাধ্যমে অন্য কোনো গ্রহে প্রথমবারের মতো মানুষ কোনো উড়োযান ওড়ালো। গ্রিনিচ সময় ১৯ এপ্রিল সোমবার ভোররাত ৩টা ৩৪ মিনিটে প্রায় দুই কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের আকাশে ডানা মেলে। এই ঘটনাকে বিজ্ঞানীরা রাইট সহোদরদের মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন।
নাসা জানিয়েছে, সৌরজগতের লাল গ্রহটির কম ঘনত্বের বাতাসে উড়োযানটি উড়তে পারবে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের আশঙ্কা ছিল। তবে সে আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গলপৃষ্ঠের ১০ ফুট ওপর দিয়ে ৩৯ দশমিক ১ সেকেন্ড উড়ে বেড়ায় ইনজেনুইটি নামের হেলিকপ্টারটি।
নাসার মঙ্গলযান পারসেভারেন্স গত বছরের ৩০ জুলাই পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি পারসেভারেন্স সফলভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে। এই মঙ্গলযানের পেটে সংযুক্ত ছিল হেলিকপ্টার ইনজেনুইটি। মঙ্গলপৃষ্ঠে অবতরণের দুই মাস পর ১৯ এপ্রিল সোমবার ডানা মেলল হেলিকপ্টারটি।
স্বয়ংক্রিয়ভাবে উড়াল দেওয়ার পর উড়োযানটি পৃথিবীতে তথ্য ও ছবিও পাঠিয়েছে। ২৭ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সে তথ্য ধরা দেয় পৃথিবীর বুকে নাসার অ্যান্টেনায়। এরপর সেসব তথ্য তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায় প্রক্রিয়াকরণ করতে।
ইনজেনুইটি যখন মঙ্গলের আকাশে ডানা মেলে, তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ইনজেনুইটি উড়ে আবার উড্ডয়নের জায়গায় এসে সফলভাবে অবতরণের পর ঘোষণা আসে, ‘ইনজেনুইটি প্রথমবারের মতো সফলভাবে উড়েছে। ভিনগ্রহে এই প্রথম মানুষের কোনো উড়োযান উড়ল।’
এই জেট প্রপালশন ল্যাবরেটরিতেই ছয় বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অভিযানের পরিকল্পনা ও সার্বিক বিষয় এগিয়ে নিয়েছেন গবেষকেরা। ইনজেনুইটির সফল উড়ালে তাদের সেই পরিশ্রম যেন প্রায় শতভাগই ফলপ্রসূ হলো। এবার পারসেভারেন্সের পুরো অভিযান সফল হওয়ার অপেক্ষা।
উল্লেখ্য, মার্কিন সহোদর অরভিল রাইট ও উইলবার রাইট ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথমবারের মতো উড়োজাহাজ উড়িয়ে ইতিহাসের সৃষ্টি করেন। তাদের আবিষ্কারের পথ ধরেই বিশ্বটা যেন একেবারেই ছোট হয়ে আসে, হাজার মাইলের পথ যেন মাত্র কয়েক ঘণ্টার যাত্রাপথে পরিণত হয়।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed