জগন্নাথপুরে ঘরে স্বামীর রক্তাক্ত লাশ, স্ত্রী উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলেক মিয়া (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৯ নম্বর পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের নিজ ঘরের মেঝে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোররাতের যে কোনো সময়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের দিনমজুর আলেক মিয়া তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না টেকুয়া গ্রামের আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেনু বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী ও এই পক্ষের তিন মেয়ে, দুই ছেলে আলাদা থাকেন। অন্য ঘরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন আলেক মিয়া। শুক্রবার দিবাগত রাতে তারা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান।
শনিবার সকালে আলেক মিয়ার ঘরের দরজা খোলা দেখতে পান পাশের ঘরের লোকজন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা এগিয়ে গিয়ে ঘরের মেঝেতে আলেক মিয়ার রক্তাক্ত লাশ দেখতে পান। মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। এসময় তার দ্বিতীয় স্ত্রীকে ঘরে পাওয়া যায়নি। বিষয়টি তার প্রথম পক্ষের সন্তানরা থানায় অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাগময়না গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় রেনু বেগমের সৎ ভাই সামসু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে রেনু বেগমের সঙ্গে তাদের যোগাযোগ নেই। সে মানসিক ভাবে অসুস্থ। ইতিমধ্যে তার দুই বিয়ে হয়েছিল।’
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্হা নেওয়া হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও তার দ্বিতীয় স্ত্রীর খুঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।’
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed