Main Menu

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেলের সিলেট সফর

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল ২৫ জানুয়ারী সোমবার সিলেট সফর করেন। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে ডেপুটি হাই কমিশনার হিসেবে যোগদানের পর এই প্রথম সিলেট সফর করেন। এই সফরে ডেপুটি হাই কমিশনার সিলেটের মেয়রসহ গুরুত্বপূর্ণ স্থানীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মাঝে বিদ্যমান বন্ধুত্বকে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে আরো সমৃদ্ধ করার উপর জোর দেন।

সফরে মিঃ প্যাটেল সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যেকার দীর্ঘদিনের সু-সম্পর্ক বিষয়ক আলোচনার পাশাপাশি তাঁরা যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার, সিলেট সিটি কর্পোরেশন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে সিলেট নগরীর দারিদ্র্য দূরীকরণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ১,১০,০০ জন মানুষ কোভিড-১৯ বিষয়ক সচেতনতা, পুষ্টি ও জীবিকার জন্য অনুদান সহ নগরের দারিদ্র দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন সহায়তা পাচ্ছেন।

মিঃ প্যাটেল সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এবং সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএমের সাথেও সাক্ষাৎ করেন।

এই সিলেট সফরে মিঃ প্যাটেল ব্রিটিশ কাউন্সিলের স্থানীয় অফিস পরিদর্শন করেন ও যুক্তরাজ্যের পরীক্ষা বিষয়ক প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল বলেন “বাংলাদেশের অন্যতম সুন্দর শহর এবং যেখানে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরও বেশ সমৃদ্ধ, সিলেট সফরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই শহরের সাথে অনেক ব্রিটিশ-বাংলাদেশীর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এখানে এসে সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই বছর বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী পালনের পাশাপাশি আমি বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যতিক্রমী বন্ধন উদযাপনের আশা ব্যক্ত করছি।”

Share





Related News

Comments are Closed