Main Menu

খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাব জানিয়েছে, খুলনায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের প্রস্তাব দেন ইমরান মোল্ল্যা (৩৫)। প্রস্তাবে সাড়া না পেয়ে বিভিন্ন সময় তাকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গত ১৮ আগস্ট সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন কলেজের সামনে থেকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারেন তারা। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট কোতোয়ালী থানাধীন আম্বরখানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার প্রধান পলাতক আসামি ইমরান মোল্ল্যাকে আটক করা হয় এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

আটক ইমরান মোল্ল্যা খুলনা জেলার পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামি ও উদ্ধারকৃত শিক্ষার্থীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র ̈াব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed